দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
- সর্বশেষ আপডেট ০৭:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 51
রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দুই মামলায় পূর্বে জারি করা রুল নিষ্পত্তি করে তাকে জামিন প্রদান করেন।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানার হত্যা মামলায় এবং মুগদা থানার হত্যা চেষ্টা মামলায় রুল অ্যাবসুলিউট করে আদালত তার মক্কেলকে জামিন দিয়েছেন।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের কিছুক্ষণ আগে, রাত প্রায় ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”
উল্লেখ্য, সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জে একাধিক মামলা দায়ের রয়েছে।
































