পাঁচ ব্যাংকের গ্রাহকদের নতুন সুবিধা
- সর্বশেষ আপডেট ০৮:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 112
একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা উত্তোলন করা যাবে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার স্কিম সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের গ্রাহকেরা এই সুবিধা পাবেন। আগে শুধু নিজের চিকিৎসার জন্য টাকা তোলার সুযোগ থাকলেও এখন মা-বাবা, সন্তান, ভাই-বোন ও স্বামী-স্ত্রীর চিকিৎসাসহ অন্যান্য জরুরি প্রয়োজনেও অর্থ উত্তোলন করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, অনেক গ্রাহকের হঠাৎ চিকিৎসার বাইরে জরুরি আর্থিক প্রয়োজন দেখা দেয়। বিষয়টি বিবেচনায় নিয়ে আগের স্কিমে সংশোধনী আনা হয়েছে।
সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গত বছর গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়ার কথা রয়েছে।
এদিকে আমানত বিমা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার কার্যক্রমও চলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।





























