জামায়াত নিয়ে হেফাজত আমির ও মামুনুল হকের আলোচনা
- সর্বশেষ আপডেট ০৭:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 111
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামী নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, এ বিষয়ে কোনো আদর্শিক বা আকিদাগত ঐক্য হয়নি, বরং এটি কেবল রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে একটি কৌশলগত সমন্বয়।
চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মামুনুল হক বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের বিশ্বাস, চিন্তা ও আকিদাগত পার্থক্য আগের মতোই রয়েছে। তার ভাষায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে যে সমন্বয় তৈরি হয়েছে, সেটি কোনোভাবেই আদর্শিক ঐক্য নয়।
তিনি আরও জানান, জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে একাধিক দলের সমন্বয়ে একটি নির্বাচনি জোট গঠন করা হয়েছে। তবে এই জোটে থাকা সব দল রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন প্রতিষ্ঠার প্রশ্নে একমত নয় বলেও তিনি মন্তব্য করেন।
হেফাজতে ইসলামের ভূমিকা প্রসঙ্গে মামুনুল হক বলেন, সংগঠনটি কোরআন ও সুন্নাহভিত্তিক অবস্থানে থেকে দেশ ও ইসলামের স্বার্থে কাজ করে যাবে এবং অতীতের মতো যেকোনো আঘাতের বিরুদ্ধে অবস্থান নেবে।
সাক্ষাতের সময় হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
































