শেখ হাসিনা–রাষ্ট্রপতির ফোনালাপের তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 213
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে লন্ডনে ফোনালাপ হয়েছে—এমন কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এমন ঘটনা সত্য হলে সরকার বিষয়টি তদন্ত করে দেখবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। যদি ফোনালাপের বিষয়টি সত্য হয়ে থাকে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার তা তদন্ত করবে।
মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
ভারতের চলমান ছাত্র আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত দ্রুত জনগণের উদ্বেগের সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশি পাসপোর্টের মান কমেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে ভিসা জটিলতার পেছনে মূল কারণ অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতা। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশে আগে থেকেই ভিসা সংক্রান্ত সীমাবদ্ধতা রয়েছে।
তিনি জানান, এসব সমস্যা সমাধানে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে একাধিক বৈঠক করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।
































