পদত্যাগের প্রশ্নে ‘বিব্রত’ রাষ্ট্রপতি

- সর্বশেষ আপডেট ১০:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 150
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তার পদত্যাগ নিয়ে করা প্রশ্নটি ‘বিব্রতকর’। পদত্যাগের গুঞ্জন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় একটি জাতীয় দৈনিকের সঙ্গে টেলিফোনে প্রায় দুই মিনিট কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেখতে পাবেন… প্রশ্নটা বিব্রতকর।”
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। স্পিকার দেশের বাইরে রয়েছেন—এমন তথ্য জানানো হলে রাষ্ট্রপতি বলেন, “আমার জানা নেই স্পিকার দেশে আছেন কিনা। এটা আমার জানার কথা না।”
এদিকে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার অভিযোগও সরাসরি নাকচ করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এ অভিযোগ “পুরোপুরি ভিত্তিহীন”।
রাষ্ট্রপতি আরও বলেন, “আমি তখন মৃতপ্রায়, চিকিৎসাধীন ছিলাম। এটা একেবারে ভিত্তিহীন ও বানানো কথা।”
এর আগে বৃহস্পতিবার সকালে কয়েকটি গণমাধ্যমে একাধিক সূত্রের বরাতে খবর প্রকাশিত হয়, রাষ্ট্রপতি শিগগিরই পদত্যাগ করতে পারেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে তার ফোনে কথা হয়েছে। তবে রাষ্ট্রপতি এ অভিযোগ অস্বীকার করেছেন।
সম্ভাব্য পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিক বা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চাইলে সেই সুযোগ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান তিনি।





























