শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- সর্বশেষ আপডেট ০৯:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 14
চিকিৎসার জন্য থাইল্যান্ড সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই শুক্রবার দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের সূত্র জানিয়েছে, তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করা হয়েছে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্রের দাবি, সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির পদ নিয়ে চলমান গুঞ্জনের প্রেক্ষাপটে স্পিকারের সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।































