ছাত্র বিক্ষোভ ঘিরে শুক্রবার ভারতজুড়ে কর্মসূচি
- সর্বশেষ আপডেট ১০:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 6
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ভূমিকার প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বড় বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি সমর্থক, ছাত্র সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে সংঘর্ষ এবং কয়েকটি রাজ্যে বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলো রাজধানীর বাইরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্তকে আরও শক্তিশালী করেছে। দেশজুড়ে কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় আয়োজকদের জন্য নির্দেশিকা, প্রচারসামগ্রী এবং স্মারকলিপির নমুনাও দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভকারীরা নির্ধারিত স্থানে জড়ো হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরবেন, সাম্প্রতিক আন্দোলনে পুলিশি আচরণের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি জানাবেন এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেবেন।
তবে পুলিশি হামলার অভিযোগ অস্বীকার করে দিল্লি পুলিশ দাবি করেছে, ‘চলো সংসদ’ মার্চ চলাকালে কিছু বিক্ষোভকারী সহিংস হয়ে ওঠে। তাদের বিরুদ্ধে পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে।
এর আগে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহিতা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনকারীদের সমর্থনে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক যোগ দিয়ে আমরণ অনশন শুরু করলে কর্মসূচি আরও আলোচনায় আসে।




































