চট্টগ্রামে স্টারশিপ কারখানায় বিস্ফোরণ, আহত ১১
- সর্বশেষ আপডেট ১২:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 85
চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন স্টারশিপ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১১ জন আহত হন। তবে এ ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কেউ ভর্তি হননি বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকার এ কারখানার ভেতরের একটি কক্ষে প্রথমে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও আবুল খায়ের গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, ওই কক্ষে তরলজাত পণ্যের জন্য ব্যবহৃত বোতল তৈরি করা হতো।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদসহ চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। দুপুর প্রায় ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।





































