স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

- সর্বশেষ আপডেট ০২:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 176
ময়মনসিংহে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করার দায়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকরাম হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী সাজ্জাদুর রহমান শুনানিতে অংশ নেন। মামলার ১২ জন সাক্ষীর সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
রায়ে আদালত উল্লেখ করেন, দণ্ডবিধির ৩০২ ধারায় আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। সে কারণে আফরোজা শেখ ইতিকে ওই ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বিচার চলাকালে হাজতে থাকা সময় ফৌজদারি কার্যবিধির ৩৫-এ ধারা অনুযায়ী সাজা থেকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, নিহত শফিকুল ইসলাম সপু ময়মনসিংহ নগরীর বাঁশবাড়ি কলোনির বাসিন্দা ছিলেন। প্রথম স্ত্রী মাহমুদা আক্তার কুমুর সঙ্গে তার একটি সন্তান রয়েছে। পরে আফরোজা শেখ ইতিকে দ্বিতীয় বিয়ে করার পর দুই স্ত্রীকে কেন্দ্র করে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ ও দাম্পত্য কলহ চলছিল।
মামলায় অভিযোগ করা হয়, প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে আফরোজা শেখ ইতি প্রায়ই স্বামীকে হুমকি ও মানসিকভাবে নির্যাতন করতেন। ২০১৯ সালের ১০ জুন সন্ধ্যা থেকে ১৩ জুনের মধ্যে কোনো একসময় তিনি তার ভাই দীন ইসলাম এবং অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীর সঙ্গে মিলে শ্বাসরোধ করে শফিকুল ইসলাম সপুকে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর মরদেহ নগরীর আকুয়া এলাকার একটি পচা পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। ২০১৯ সালের ১৩ জুন স্থানীয়রা পুকুরে মানুষের একটি হাত ভাসতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মামলার বাদী ও নিহতের মা নুরুন্নাহার অভিযোগ করেন, হত্যার ঘটনা আড়াল করতে আফরোজা শেখ ইতি এর আগে কোতোয়ালি মডেল থানায় স্বামী নিখোঁজ দাবি করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
তবে রায়ে সন্তুষ্ট নন নিহতের মা। রায় ঘোষণার পর তিনি বলেন, তিনি আসামির সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলেন।
আদালত আরও বলেন, একই ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সাজা দেওয়ায় ২০১ ধারায় পৃথক কোনো সাজা দেওয়া হয়নি।
এ ছাড়া আদালত নির্দেশ দিয়েছেন, আদায়কৃত জরিমানার অর্থ থেকে মামলার ব্যয় রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অবশিষ্ট ৫০ হাজার টাকা ফৌজদারি কার্যবিধির ৫৪৫(১)(বি) ধারা অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে মামলার বাদী নুরুন্নাহারকে প্রদান করতে হবে।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, রায় ঘোষণার পর আদালত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন এবং তাকে সাজা ভোগের জন্য ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



































