নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু
- সর্বশেষ আপডেট ০৪:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 7
নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি সফল হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ প্রকল্পের আওতায় এ খনন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার উদ্বোধনের পর বুধবার থেকে পুরোদমে চলছে কাজ।
বাপেক্স জানিয়েছে, কূপটি প্রায় ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এর মধ্যে ১ হাজার ৩৬১ মিটার ও ১ হাজার ৪৫০ মিটার গভীরে দুটি স্তরে গ্যাসের সম্ভাবনা রয়েছে। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে খনন করা হচ্ছে।
প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, খনন শেষ করতে প্রায় ৪৫ দিন সময় লাগতে পারে। এরপর ১৫ দিনের ডিএসটি পরীক্ষার মাধ্যমে কূপটিতে থাকা গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাপেক্সের তথ্য অনুযায়ী, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় ১৯৭৬ সালে প্রথম গ্যাস কূপের সন্ধান পাওয়া যায়। পরে ২০১৩ সালে আবিষ্কৃত তৃতীয় কূপ থেকে উৎপাদন শুরু হয় এবং বর্তমানে সেখান থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
এর আগে নোয়াখালীতে ‘সুন্দলপুর-১’, ‘সুন্দলপুর-২’ ও ‘সুন্দলপুর-৩’ নামে তিনটি কূপ খনন করা হয়। এর মধ্যে সুন্দলপুর-২ থেকে এখনো গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। সুন্দলপুর-৩ কূপের ওয়ার্কওভার শেষ হলে পুনরায় উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।































