‘সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের কোনো বিকল্প নেই’

- সর্বশেষ আপডেট ০৩:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 160
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশের জাতীয় গৌরবের প্রতীক নয়, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই বাঘ ও সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী সিপিজি কার্যালয়ে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিএমসি সভাপতি মাহামুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন। সঞ্চালনা করেন সিএমসি সদস্য আবু ফরিদ।
সভায় বক্তব্য দেন ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কলাগাছিয়া বনবিভাগ কেন্দ্রের ইনচার্জ সুলজ কুমার দ্বীপ, ফরেস্ট জামে মসজিদের ইমাম রেজাউল করিম, সিপিজি সদস্য পঞ্চি রানী ও রুহুল আমিন, সিএমসি সদস্য আব্দুর রশিদ এবং উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, মানব-বন্যপ্রাণীর সংঘাত এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের বাঘের আবাসস্থল দিন দিন সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বন বিভাগের পাশাপাশি সহ-ব্যবস্থাপনা কমিটি, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাকবচ। সুন্দরবন টিকে থাকলে জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে এবং লাখো মানুষের জীবিকা নিরাপদ থাকবে। তাই বাঘ সংরক্ষণকে কেবল একটি বন্যপ্রাণী রক্ষার উদ্যোগ হিসেবে নয়, বরং পুরো সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষার আন্দোলন হিসেবে দেখতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব বাঘ দিবসের এবারের প্রতিপাদ্য—‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’—বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।































