ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেনোপজ মানেই যৌনজীবনের শেষ নয়, ট্যাবু ভাঙছেন দুই উদ্যোক্তা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 57

নিউইয়র্কে ভোগ বিজনেস গ্লোবাল সামিটে মডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইভা গোইকোচিয়া এবং স্ট্রাইপস বিউটির প্রতিষ্ঠাতা ও প্রধান ক্রিয়েটিভ কর্মকর্তা নাওমি ওয়াটস। ছবি: ইজি রবার্টি

নারীর বয়স বাড়লে কি যৌন আকাঙ্ক্ষা কমে যেতেই হবে? মেনোপজের পর কি শেষ হয়ে যায় স্বাভাবিক যৌনজীবন? যৌনস্বাস্থ্য নিয়ে এমন বহু প্রশ্নের উত্তর এখনো খুঁজে বেড়ান নারীরা। অথচ পরিবার, সমাজ এমনকি চিকিৎসাব্যবস্থার আলোচনাতেও অনেক সময় এসব বিষয় উপেক্ষিত থাকে। এই নীরবতা ভাঙতে কাজ করছেন হলিউড অভিনেত্রী নাওমি ওয়াটস এবং যৌনস্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান মডের (Maude) প্রতিষ্ঠাতা ইভা গোইকোচিয়া।

তাঁদের লক্ষ্য, যৌনস্বাস্থ্যকে লজ্জা কিংবা গোপনীয়তার বিষয় হিসেবে না দেখে মানুষের সামগ্রিক সুস্থতার অংশ হিসেবে প্রতিষ্ঠা করা। এ জন্য তাঁরা শুধু সচেতনতা তৈরিতেই নয়, নারীর বয়স, শারীরিক পরিবর্তন ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় নতুন পণ্য উদ্ভাবনেও কাজ করছেন।

সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ভোগ বিজনেস গ্লোবাল সামিটে নারীর যৌনস্বাস্থ্য, মেনোপজ এবং এ খাতের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন দুই উদ্যোক্তা। তাঁদের আলোচনায় উঠে আসে নারীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের অবহেলা, যৌনতা নিয়ে সামাজিক সংকোচ এবং নতুন প্রজন্মের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি। ২৬ নভেম্বর প্রকাশিত ভোগের এক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

৩৬ বছর বয়সেই মেনোপজের মুখোমুখি

নাওমি ওয়াটসের উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে রয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতা। সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বারবার ব্যর্থ হওয়ার কারণ বুঝতে পারছিলেন না। চিকিৎসকের কাছে যাওয়ার পর রক্ত পরীক্ষায় জানতে পারেন, তাঁর শরীর মেনোপজের কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। তখন তাঁর বয়স মাত্র ৩৬ বছর।

এর আগে রাতের বেলা অতিরিক্ত ঘাম হওয়া, মাসিকের সময়ের পরিবর্তন এবং ঋতুস্রাবের ব্যবধান কমে আসার মতো উপসর্গ দেখা দিয়েছিল। কিন্তু এসব লক্ষণ যে মেনোপজের আগাম ইঙ্গিত হতে পারে, তা জানতেন না তিনি।

বিষয়টি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন ওয়াটস। জানতে চান, নারীর জীবনের এত গুরুত্বপূর্ণ একটি শারীরিক পরিবর্তন সম্পর্কে আগে তাঁকে কিছু বলা হয়নি কেন? উত্তরে তাঁর মা জানান, আগের প্রজন্মেও এ বিষয়ে খোলামেলা আলোচনার প্রচলন ছিল না।

অর্থাৎ, এক প্রজন্মের নারীর কাছ থেকে আরেক প্রজন্মের নারীও প্রয়োজনীয় তথ্য পাচ্ছিলেন না।

ওয়াটসের মতে, নারীদের দীর্ঘদিন ধরে শারীরিক অস্বস্তি নীরবে সহ্য করতে শেখানো হয়েছে। মেনোপজের মতো স্বাভাবিক শারীরিক পরিবর্তন নিয়েও তাঁদের মধ্যে তৈরি করা হয়েছে অপ্রয়োজনীয় ভয় ও সংকোচ।

এই অভিজ্ঞতা থেকেই নারীদের মেনোপজকালীন স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। ৪৫ বছর বয়সে শুরু করেন নিজের প্রতিষ্ঠান স্ট্রাইপস বিউটি (Stripes Beauty)। শুরুতে প্রতিষ্ঠানটি যোনিপথের শুষ্কতা দূর করার ময়েশ্চারাইজার ও লুব্রিক্যান্ট বাজারে আনে।

যৌনস্বাস্থ্য পণ্যকে স্বাভাবিক করতে চান ইভা

অন্যদিকে ইভা গোইকোচিয়ার উদ্যোগের শুরুটা ছিল কিছুটা ভিন্ন। ছোটবেলায় তাঁর মা তাঁকে নারীর শরীর ও যৌনস্বাস্থ্যবিষয়ক বই পড়তে দিয়েছিলেন। ফলে অল্প বয়স থেকেই বিষয়টি সম্পর্কে জানার সুযোগ পান তিনি।

তবে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বেড়ে ওঠার সময় যৌনশিক্ষার সীমাবদ্ধতা তাঁকে ভাবিয়ে তোলে। পরবর্তী সময়ে স্বাস্থ্যবিষয়ক আইন প্রণয়নের কাজে যুক্ত হলেও পণ্য নকশা ও নান্দনিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল।

এই দুই অভিজ্ঞতার সমন্বয় থেকেই ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন মডে। প্রতিষ্ঠানটির মূল ধারণা ছিল, যৌনস্বাস্থ্যসংশ্লিষ্ট পণ্যকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা, যাতে সেগুলো কেনা কিংবা ব্যবহার করার সময় মানুষকে অস্বস্তিতে পড়তে না হয়।

ইভার মতে, যৌনস্বাস্থ্যের পণ্য দীর্ঘদিন ধরে নির্দিষ্ট বয়স ও লিঙ্গের মানুষের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। ফলে অনেকেই নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে পাননি। মডে ১৮ বছরের বেশি বয়সী সব প্রাপ্তবয়স্কের প্রয়োজন বিবেচনায় নিয়ে পণ্য তৈরি করতে চায়।

বয়স বাড়লে কেন আড়ালে চলে যায় নারীর যৌনস্বাস্থ্য?

যৌনতা নিয়ে সামাজিক সংকোচের পেছনে শুধু পারিবারিক বা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দায়ী নয় বলে মনে করেন ইভা। তাঁর মতে, পণ্যের বিপণন, দোকানের পরিবেশ, রাজনীতি এবং নীতিনির্ধারণী পর্যায়ের দৃষ্টিভঙ্গিও যৌনস্বাস্থ্যকে অস্বস্তিকর বিষয়ে পরিণত করেছে।

নাওমি ওয়াটসের মতে, নারীর স্বাস্থ্য নিয়ে চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিনের ঘাটতি রয়েছে। বিশেষ করে নারীর যৌনতাকে অনেক সময় শুধু সন্তান জন্মদানের সঙ্গে সম্পর্কিত করে দেখা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের যৌন আকাঙ্ক্ষা বা ব্যক্তিগত চাহিদার বিষয়টি আলোচনার বাইরে চলে যায়।

অথচ বয়স বাড়ার সঙ্গে একজন নারী নিজের শরীর, পছন্দ ও প্রয়োজন সম্পর্কে আরও সচেতন হয়ে উঠতে পারেন। হরমোনের পরিবর্তন ঘটলেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় না।

মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণে যোনিপথে শুষ্কতা, যৌনমিলনে অস্বস্তি, ঘুমের সমস্যা ও শরীরে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে। কারও ক্ষেত্রে যৌন আকাঙ্ক্ষাও কমে যেতে পারে। তবে এসব সমস্যা সবার ক্ষেত্রে একই রকম হয় না।

বিশেষজ্ঞদের মতে, উপসর্গ অনুযায়ী চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং উপযুক্ত পণ্য ব্যবহারের মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব।

যৌন আকাঙ্ক্ষা বাড়াতে নতুন পণ্য

নারীর যৌনস্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি নতুন পণ্য বাজারজাতেও এগোচ্ছে স্ট্রাইপস বিউটি।

সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘রাইট অব প্যাশন’ (Rite of Passion) নামে একটি গামি বাজারে এনেছে। এটি নারীর যৌন উত্তেজনা বা আকাঙ্ক্ষা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি। পণ্যটি চিকিৎসক সিন্ডি মেস্টন ও সোমি জাভাইদের সহযোগিতায় তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আলটা বিউটি স্টোরের মাধ্যমে এটি বাজারজাত করা হচ্ছে।

ওয়াটসের ভাষ্য, নারীদের সঙ্গে কথা বলে তাঁরা বুঝতে পেরেছেন, অনেকেই দাম্পত্য জীবনে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া কিংবা শারীরিক অস্বস্তির সমস্যায় ভুগছেন। কারও ক্ষেত্রে প্রয়োজন লুব্রিক্যান্ট, কারও হরমোনভিত্তিক চিকিৎসা, আবার কারও প্রয়োজন সঠিক তথ্য ও পরামর্শ।

তবে যৌন আকাঙ্ক্ষা বাড়ানোর কোনো পণ্য সবার ক্ষেত্রে কার্যকর হবে, এমন নিশ্চয়তা নেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া হরমোন বা যৌন উত্তেজনাবর্ধক পণ্য ব্যবহারের ঝুঁকিও রয়েছে।

অন্যদিকে মডে তাদের পণ্য সাধারণ খুচরা বাজারে পৌঁছে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের টার্গেট ও আলটা বিউটির সঙ্গে প্রতিষ্ঠানটির বিপণন কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে আলটা বিউটি যৌনস্বাস্থ্যকে তাদের ওয়েলনেস পণ্যের অন্যতম বিভাগ হিসেবে বিবেচনা করছে।

জেন-জিদের যৌনতা নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে?

তরুণ প্রজন্মের যৌনজীবন নিয়েও আলোচনা করেন দুই উদ্যোক্তা। সাম্প্রতিক সময়ে জেনারেশন জেড বা জেন-জিদের মধ্যে যৌন সম্পর্কের আগ্রহ কমছে বলে নানা আলোচনা রয়েছে।

ইভা মনে করেন, এর পেছনে শুধু যৌন আকাঙ্ক্ষার অভাব দায়ী নয়। অনেক তরুণ এখনো পরিবারের সঙ্গে বসবাস করেন। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রেও প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরতা বেড়েছে।

তবে তাঁর মতে, নতুন প্রজন্ম নিজেদের পছন্দ, চাহিদা ও ব্যক্তিগত সীমারেখা সম্পর্কে আগের প্রজন্মের তুলনায় বেশি সচেতন। তারা পুরোনো সামাজিক চাপ মেনে নিতে আগ্রহী নয়।

নাওমি ওয়াটসও মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম নারীদের অভিজ্ঞতা ভাগাভাগি এবং নিজেদের মতো মানুষের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগ দিয়েছে। তবে এসব মাধ্যমে পাওয়া তথ্যের উৎস সম্পর্কে সতর্ক থাকাও জরুরি।

যৌনস্বাস্থ্য কি কেবল ব্যবসার নতুন বাজার?

নারীর যৌনস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে এ খাতকে ঘিরে ব্যবসায়িক আগ্রহও বাড়ছে। নতুন নতুন ব্র্যান্ড, পণ্য ও বিপণন কৌশল তৈরি হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এই উদ্যোগগুলো কি সত্যিই নারীর স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণ করছে, নাকি যৌনস্বাস্থ্যকে নতুন ভোগ্যপণ্যের বাজারে পরিণত করছে?

ইভা গোইকোচিয়ার মতে, যৌনস্বাস্থ্য কোনো সাময়িক প্রবণতা নয়। এটি মানুষের জীবনের মৌলিক প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত। তাই এ খাতকে শুধু বাজারের দৃষ্টিতে দেখলে চলবে না। নারী-পুরুষের সমান অংশগ্রহণে যৌনস্বাস্থ্য নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

নাওমি ওয়াটসের বক্তব্যেও একই বার্তা উঠে এসেছে। তাঁর মতে, মেনোপজ নারীর জীবনের শেষ অধ্যায় নয়; বরং নতুন একটি পর্যায়। হরমোনের পরিবর্তন ঘটলেও যৌনজীবনের সমাপ্তি ঘটতে হবে, এমন কোনো নিয়ম নেই।

দুই উদ্যোক্তার উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে এনেছে। নারীর যৌনস্বাস্থ্য নিয়ে নীরবতা ভাঙতে শুধু সামাজিক সচেতনতা যথেষ্ট নয়; প্রয়োজন বিজ্ঞানভিত্তিক তথ্য, সহজলভ্য চিকিৎসা এবং বয়সভেদে উপযোগী স্বাস্থ্যসেবা।

কারণ, যৌনস্বাস্থ্য কোনো নির্দিষ্ট বয়সের বিষয় নয়। এটি নারীর জীবনের প্রতিটি পর্যায়ের সঙ্গে সম্পর্কিত।

তথ্য সূত্র: ভোগ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেনোপজ মানেই যৌনজীবনের শেষ নয়, ট্যাবু ভাঙছেন দুই উদ্যোক্তা

সর্বশেষ আপডেট ০৩:২১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬