বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: টুকু

- সর্বশেষ আপডেট ১২:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 214
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বন্যপ্রাণী রক্ষার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। অথচ গত এক শতকে বিশ্বজুড়ে বাঘের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে গেছে। প্রায় একশ বছর আগে বিশ্বে যেখানে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ, বর্তমানে তা নেমে এসেছে প্রায় পাঁচ হাজারে।
তিনি বলেন, এই পরিসংখ্যানই প্রমাণ করে বাঘের অস্তিত্ব আজ হুমকির মুখে। এখনই কার্যকর সংরক্ষণ উদ্যোগ গ্রহণ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করলে ভবিষ্যতে এ প্রজাতি আরও বড় সংকটে পড়বে।
সুলতান সালাউদ্দিন টুকু জানান, বর্তমানে সুন্দরবনে ১২৪টি বাঘ রয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় প্রায় ১৫টি এবং দেশের বিভিন্ন চিড়িয়াখানায় মোট প্রায় ৫০টি বাঘ রয়েছে।
তিনি বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় সম্পদ। এ প্রাণী সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে।
বাঘ গণনার জন্য বরাদ্দকৃত বাজেট ও এ কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাঘ গণনার বিষয়টি বন বিভাগের আওতাধীন। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে না। তবে বন বিভাগ নিজস্ব প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালনা করে থাকে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার স্যুভেনির শপের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহীনুর আলম, কিউরেটর ডা. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদসহ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও জাতীয় চিড়িয়াখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

































