আমাদের হাতে তো কোনো জাদু নেই
গ্যাস সংকট দ্রুত কাটছে না: অর্থমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৫:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 45
চলমান গ্যাস সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন গ্যাস পেতে অন্তত দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্যাসের সংকট কবে নাগাদ স্বাভাবিক হবে; এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা নেই। চাইলেই হঠাৎ করে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব নয়।
তিনি বলেন, গ্যাস অনুসন্ধানের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। পুরো প্রক্রিয়া শেষ করে গ্যাস পাওয়া পর্যন্ত দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে। ‘আমাদের হাতে তো কোনো জাদু নেই যে হঠাৎ করে দ্রুত গ্যাস ফিরিয়ে আনব’ বলেন তিনি।
গ্যাস সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পরিশোধে সমস্যার বিষয়টি স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ হচ্ছে। তবে পরিস্থিতি সাময়িকভাবে মোকাবিলা করতে হবে।
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উদ্যোগের কথা তুলে ধরে আমির খসরু বলেন, ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকায় ওপেন-পিট পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এর বিকল্পও কম বলে মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী আরও জানান, দেশের পাওয়ার মিক্স ও জ্বালানি খাত নিয়ে আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা ঘোষণা করা হবে। এতে জ্বালানি সরবরাহ, সম্ভাব্য সময়সীমা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।
তিনি বলেন, খণ্ডিতভাবে তথ্য দেওয়ার চেয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা প্রয়োজন। এতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাই পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সে অনুযায়ী করতে পারবেন।






























