আধুনিক চিনিশপুর গড়ার প্রত্যয় আওলাদ মোল্লার
- সর্বশেষ আপডেট ০৫:১৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 84
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আওলাদ হোসেন মোল্লা। তিনি বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
আওলাদ হোসেন মোল্লা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খোকন ও শিরিন সুলতানার দিকনির্দেশনায় জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন। এ ক্ষেত্রে স্থানীয় মানুষের চাহিদা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি জানান, ইউনিয়নের উন্নয়নে গ্রামীণ সড়ক ও অবকাঠামো সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবার মানোন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলার মাঠ সংরক্ষণ, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত চিনিশপুর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।
স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনীতির পাশাপাশি ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাদের প্রত্যাশা, জনগণের সহযোগিতা ও অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে চিনিশপুর ইউনিয়নের উন্নয়ন আরও গতিশীল হবে।



































