১৩ উপজেলায় নতুন হাসপাতাল
- সর্বশেষ আপডেট ০৮:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 62
গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এ লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও প্রয়োজনীয় জনবল সৃষ্টির উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রামীণ জনগণের চিকিৎসাসেবা সম্প্রসারণে বড় উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির প্রস্তাব পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠানো হয়েছে। বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যা বৃদ্ধি এবং নতুন হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে রোগী ভর্তি সুবিধা বাড়বে, চিকিৎসাসেবার সক্ষমতা উন্নত হবে এবং স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।




































