শেখ হাসিনা দেশে ফিরলে রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১১:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 11
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত হওয়ায় দেশে ফেরার পর তার আত্মসমর্পণের সুযোগ নেই।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রতিবেশী দেশের সঙ্গে করা প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার নিয়মিত যোগাযোগ ও তাগাদাপত্র দিচ্ছে। তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার অবস্থানে সরকার রয়েছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে। তবে আপিলের কোনো সুযোগ থাকলে তা আইন ও আদালতের বিষয়।
সংসদে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের নেওয়া পদক্ষেপও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, শহীদ পরিবারগুলোকে এককালীন ৩০ লাখ টাকা, আহতদের শ্রেণিভেদে আর্থিক সহায়তা এবং মাসিক ভাতা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদের মাধ্যমে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সুরক্ষা, সাংবিধানিক স্বীকৃতি এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে।
এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন। সেখানে থেকেই জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।
































