পদার্থবিজ্ঞানের দুই ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৯:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 47
এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকায় ওই দুই প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ওই দুই প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছে। প্রশ্নপত্র প্রণয়নের কাজ দুই বছর আগ থেকেই শুরু হয় এবং এবারও আগের দায়িত্বপ্রাপ্ত প্রশ্ন মডারেটররাই প্রশ্ন তৈরি করেছেন। বর্তমান সরকার নতুন করে কোনো প্রশ্নপত্র প্রণয়ন করেনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রশ্নে ত্রুটি থাকলেও শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়ে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে সবাইকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।































