উপসাগরীয় আকাশপথে সতর্কতা জারি
- সর্বশেষ আপডেট ০৯:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 30
যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফার সংঘাতের জেরে বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা এবং ওমান উপসাগরের ওপর দিয়ে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনায় সতর্কতা জারি করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)। ২৯ জুলাই পর্যন্ত এ সতর্কতা কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় ইউরোপীয় এয়ারলাইনসগুলোকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমার পাশাপাশি ওমান উপসাগরের ওপর দিয়ে সব ধরনের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকতে এয়ারলাইনসগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।
ইএএসএ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে অঞ্চলের সামরিক পরিবেশ অত্যন্ত অনিশ্চিত। ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ব্যবহারের কারণে বেসামরিক বিমান চলাচল বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং আপাতত ২৯ জুলাই পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।
এদিকে নতুন করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে ইরানে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। একই সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও ওমান সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসসহ কয়েকটি এলাকায় মঙ্গলবার নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সরকারি বার্তা সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, বন্দর আব্বাস ও উপকূলীয় বুশেহর শহরের অন্তত চারটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এসব ঘটনার পর পুরো উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক বিমান চলাচল নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।



































