১১তম গ্রেডের আশ্বাসে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- সর্বশেষ আপডেট ০৮:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 140
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন। সোমবার (১০ নভেম্বর) শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে শিক্ষকদের দাবীর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর শিক্ষক নেতৃবৃন্দের দাবীসমূহ অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যথাসম্ভব দ্রুততার সঙ্গে দাবী সমাধানের জন্য সহযোগিতা প্রদানের আশ্বাসের ভিত্তিতে শিক্ষক নেতৃবৃন্দ চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ এবং অর্থ বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান
২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান
৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা



































