সরকারি অফিসে সৌরবিদ্যুৎ বাড়ানোর নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৬:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 3
সরকারি দফতরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে সোমবার (১০ আগস্ট) একটি পরিপত্র জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগে দাফতরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশ সৌরবিদ্যুৎ থেকে নিশ্চিত করতে হবে।
এ ছাড়া অন্যান্য সরকারি দফতরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ নিয়ে অনুষ্ঠিত এক সভায় জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে ধাপে ধাপে সৌর প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দেশে সোলার ইনভার্টার উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুৎকে সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে বঙ্গভবন, তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন এবং পরিকল্পনা কমিশন ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি জ্বালানি ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করা।
































