জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা
- সর্বশেষ আপডেট ০৪:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 10
জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি গুরুত্বপূর্ণ ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌরবিদ্যুৎবিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়বে। এ কারণে সরকারি পর্যায় থেকেই উদ্যোগটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাবনা নিয়ে পৃথক উপস্থাপনা দেয়। তারা জানায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সৌরবিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র পরিচালনার বিষয়ও তুলে ধরা হয়।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল ও ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
দেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের প্রতি আহ্বান
একই দিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, অতীতের তুলনায় বর্তমানে শহর, জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট এবং বাজারে প্লাস্টিকের বোতল, প্যাকেট ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে সঠিকভাবে তা অপসারণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অর্থনৈতিক অঞ্চল ও বিদেশি বিনিয়োগে জোর
এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম মূল্যায়ন এবং সরকারি অব্যবহৃত শিল্পসম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
দক্ষিণ কোরিয়াকে বিনিয়োগের আহ্বান
সোমবার দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সঙ্গে বৈঠকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জাহাজ নির্মাণ, খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল ও সেমিকন্ডাক্টর খাতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।































