বাড়তি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল

- সর্বশেষ আপডেট ০৫:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 124
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক পয়সাও বেশি আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বাড়তি ভাড়া আদায় করলে আইন অনুযায়ী জরিমানার পাশাপাশি পরবর্তী সময়ে ওই পরিবহনকে আর কোনো রুট পারমিট দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয়ের বিষয়ে সড়ক মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে এক পয়সা বাড়ে। সে হিসাবে প্রতি লিটার তেলের দাম ২০ টাকা বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো যৌক্তিক ছিল।
তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক হারের চেয়ে কম ভাড়া বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, কিলোমিটারে মাত্র ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ১৭ পয়সার বেশি কোনোভাবেই ভাড়া আদায় করা যাবে না। এক পয়সাও অতিরিক্ত নেওয়া হলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
রেল ও নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
ট্রেনের ভাড়া প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে ট্রেনের ভাড়া যাতে না বাড়ে, সরকারের পক্ষ থেকে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠক শেষে বাসভাড়া পুনর্নির্ধারণের তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি জানান, নতুন নির্ধারিত হারে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটারে ২ টাকা ৭০ পয়সা।
































