ঈদে বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল

- সর্বশেষ আপডেট ০৪:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 284
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি–সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ঈদের সময় অনেক পরিবহন অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। কিন্তু সরকার নির্ধারিত ভাড়ার বাইরে একটি টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই।
কেউ যদি এর ব্যত্যয় ঘটায়, যাত্রীরা যেন সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বাড়তি ভাড়া নেওয়ার প্রবণতা কোনোভাবেই বরদাশত করা হবে না। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে। প্রয়োজনে ফৌজদারি অপরাধ হিসেবে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থাও করা হতে পারে।
সভায় উপস্থিত পরিবহন মালিকরা ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন বলেও জানান মন্ত্রী।
এদিকে এসি বাসগুলো ইচ্ছামতো ভাড়া নেয়—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো পরিবহনই নিজেদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করতে পারে না। নির্ধারিত ও অনুমোদিত ভাড়ার মধ্যেই যাত্রী পরিবহন করতে হবে। এর বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
































