বাসভাড়া বাড়ানোর অপেক্ষায় শ্রমিকরা

- সর্বশেষ আপডেট ০১:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 130
জ্বালানি তেলের দাম বাড়লেও রাজধানীতে গণপরিবহনের ভাড়া এখনো বাড়েনি। তবে ভাড়া বাড়ানো হবে কি না, সে বিষয়ে মালিকপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন পরিবহন শ্রমিকরা। এদিকে সম্ভাব্য ভাড়া বৃদ্ধির খবরে উদ্বেগ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। তাদের আশঙ্কা, বাসভাড়া বাড়লে দৈনন্দিন যাতায়াতের খরচও বেড়ে যাবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাগ থেকে গুলিস্তান, পল্টনসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক, হেলপার, সুপারভাইজার ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
রায়েরবাগ-গুলিস্তান রুটের রজনীগন্ধা পরিবহনের চালক মো. সিফাত বলেন, তেলের দাম বাড়লেও এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর কোনো নির্দেশনা তারা পাননি। মালিকপক্ষ সিদ্ধান্ত নিলে তখন নতুন ভাড়া কার্যকর হবে। তবে বর্তমান ভাড়ায় বাস চালিয়ে আয়-ব্যয়ের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ছে বলে জানান তিনি।
তার ভাষ্য, জ্বালানি খরচের পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয়ও রয়েছে। তবে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হোক, সেটিও তারা চান না।
শ্রাবণ পরিবহনের এক সুপারভাইজার বলেন, তারা মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ী বাস চালান। ভাড়া বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সমিতি থেকে সিদ্ধান্ত জানানো হবে। এখন পর্যন্ত আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
রায়েরবাগ-গুলিস্তান রুটের ঠিকানা বাসের সুপারভাইজার সবুজ বলেন, তেলের দাম বাড়ায় বাস পরিচালনার খরচ বেড়েছে। ফলে আগের মতো আয় থেকে লাভ থাকছে না। তবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি।
সময় বাসের সুপারভাইজার লাল মিয়াও জানান, ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনেক যাত্রীই ভাড়া বাড়বে কি না জানতে চাইছেন। মালিকপক্ষ সিদ্ধান্ত নিলে বিষয়টি পরিষ্কার হবে বলে তাদের জানানো হচ্ছে।
এদিকে সম্ভাব্য ভাড়া বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা। রায়েরবাগ থেকে গুলিস্তানগামী বোরহান বলেন, প্রতিদিন কর্মস্থলে যেতে বাস ব্যবহার করতে হয়। নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে বাসভাড়া বাড়লে স্বল্প আয়ের মানুষের ওপর চাপ আরও বাড়বে।
শনির আখড়া থেকে পল্টনগামী যাত্রী যায়েদ বলেন, বিভিন্ন বাসে ভাড়া নিয়ে এমনিতেই নানা ধরনের সমস্যা হয়। ভাড়া বাড়ানো হলে নির্দিষ্ট হারে তা কার্যকর করা এবং যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো বাড়তি টাকা না নেওয়া নিশ্চিত করা প্রয়োজন।
যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী যাত্রী সবুর বলেন, পরিবারের সদস্যদের নিয়ে চলাচলের কারণে বাসভাড়া বাড়লে মাসিক ব্যয় অনেক বেড়ে যাবে। তাই আপাতত ভাড়া না বাড়ানোর দাবি জানান তিনি।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়লে বাস পরিচালনার ব্যয় স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে গণপরিবহনের ভাড়া বাড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং নির্ধারিত ভাড়ার হার অনুসরণ করা গুরুত্বপূর্ণ।
































