তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, ছাত্রদল নেতা শোকজ
- সর্বশেষ আপডেট ০১:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 6
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সাজ্জাদ হোসাইন হৃদয়কে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসাইন হৃদয়ের বিরুদ্ধে। এ ঘটনায় কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান সাজ্জাদ। পোস্টে তিনি লেখেন, ছাত্র রাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, সেগুলোর অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। এবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানান তিনি।
সাজ্জাদের ওই পোস্টের পরই তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।





























