ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ
- সর্বশেষ আপডেট ১১:২৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 101
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় তিনজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট হাজতখানায় কেক কাটার ঘটনা ঘটে। একই সময়ে আসামিদের স্বজনদের কয়েকজন অতিরিক্ত খাবার নিয়ে হাজতখানায় প্রবেশ করেন। পরে সেখানে এক আসামির জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয় বলে অভিযোগ ওঠে।
এর আগে গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান হাজতখানায় কেক কেটেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া টিফিন ক্যারিয়ারে করে ভাত নিয়ে হাজতখানায় প্রবেশ করে অন্যদের সঙ্গে তিনি খাবার খেয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
তবে জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার অভিযোগটি অস্বীকার করেছেন। তার দাবি, কেক কাটার ঘটনা সত্য নয়। তিনি প্রশ্ন তোলেন, ট্রাইব্যুনালের হাজতখানা জন্মদিন উদযাপনের জায়গা নয়; সেখানে কেক আসবে কীভাবে এবং কার সঙ্গে তা কাটা হয়েছে?
এ ঘটনায় ট্রাইব্যুনাল প্রশাসন তিনজনকে শোকজ করে তাদের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছে।






























