জাইমার জন্মদিনে বগুড়ায় দুই হাজার মানুষ পেলেন চক্ষু সেবা
- সর্বশেষ আপডেট ১২:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 41
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে প্রায় দুই হাজার অসহায় মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ছয় শতাধিক রোগীর ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শনিবার (২৪ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম দিনে প্রায় দুই হাজার মানুষ চক্ষু চিকিৎসাসেবা নেন। তাঁদের মধ্যে ছয় শতাধিক রোগীর ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
চিকিৎসাসেবা নিতে আসা শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লাভলী বেওয়া জানান, আর্থিক সংকটের কারণে এত দিন তাঁর চোখের অস্ত্রোপচার করানো সম্ভব হয়নি। বিনা মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি জাইমা রহমান, তারেক রহমান ও মীর শাহে আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার (২৫ অক্টোবর) শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক মেধাবী ছাত্রীকে বিনা মূল্যে বাইসাইকেল উপহার দেওয়ার আয়োজন রয়েছে।
আয়োজকেরা জানান, অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য





























