শেখ হাসিনার ফেরায় বাধা দেবে না সরকার
- সর্বশেষ আপডেট ০৫:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 41
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না। তবে দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, তিনি নিজে দেশে ফিরলে তাকে ধরে আনার প্রয়োজন হবে না। দেশে ফিরলে আইনগত প্রক্রিয়ায় তার বিচার হবে। তার সঙ্গে কোনো বেআইনি আচরণ করা হবে না বলেও জানান তিনি।
শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। নির্দিষ্ট ঘোষণা বা বাস্তব অগ্রগতি ছাড়া বিষয়টি নিয়ে অনুমাননির্ভর আলোচনা না করাই ভালো।

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পরের পরিস্থিতির সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহের তুলনা করে তথ্য উপদেষ্টা বলেন, এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে থেকে বিচার ও কারাবাসের মুখোমুখি হয়েছিলেন। পরবর্তী সময়ে নির্বাচনে অংশও নিয়েছিলেন। শেখ হাসিনার ক্ষেত্রেও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।
ওয়াশিংটনে শেখ হাসিনার বক্তব্য, বদলায়নি সরকারের অবস্থান
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন এবং সেখানে তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
গত ১৯ অক্টোবর ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। বিদেশে অবস্থান করে তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার আগেও আপত্তি জানিয়েছে বলে জানান জাহেদ উর রহমান।
তিনি বলেন, সরকার এ অবস্থান থেকে সরে আসেনি এবং বিষয়টিকে বাংলাদেশের সম্মতি হিসেবে দেখার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনার সময়ও বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছিল বলে জানান তিনি।
শেখ হাসিনাকে ‘সাবেক প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, শেখ হাসিনা জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়াই দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। এ কারণে রাজনৈতিকভাবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করতে চান না তিনি।
































