আইজিপিকে ‘নতুন বেনজীর’ বললেন পাটওয়ারী
- সর্বশেষ আপডেট ০৮:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 65
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে ‘নতুন বেনজীর’ আখ্যা দিয়ে তাঁর ‘ক্রসফায়ার’সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পুলিশের ওপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আইজিপির বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, ‘পুলিশে নতুন বেনজীর এসেছেন, যিনি সরকার নির্দেশ দিলে ক্রসফায়ার চালানোর কথা বলছেন।’ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে রক্ষা করতে হলে আইজিপিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করতে হবে বলে দাবি করেন তিনি।
জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে আলোচনা করেও সমাধান না পাওয়ায় আবার রাজপথে নামতে হয়েছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সংসদে জনগণের সমস্যা তুলে ধরার পরও সেগুলোর সমাধান হয়নি। মাসে মাসে বিল দিয়েও মানুষ গ্যাস পাচ্ছে না। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। জনগণকে এভাবে কষ্ট দেওয়ার কারণেই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারদলীয় ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায় করা হচ্ছে। আগে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠত, এখন একই ধরনের কর্মকাণ্ডে ছাত্রদলের নাম আসছে বলে দাবি করেন তিনি।
সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বিভিন্ন স্থানে সরকারদলীয় ব্যক্তিদের অস্ত্র হাতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন। তাঁর ভাষ্য, এ ধরনের পরিস্থিতিতে কারা ডাকাত, চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ী, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
গণমাধ্যমের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, সংবাদপত্রের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‘আমার দেশ’ পত্রিকার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।































