বেনজীরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন সন্দেহ!
- সর্বশেষ আপডেট ০৪:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 30
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত শর্তসাপেক্ষে বেনজীর আহমেদকে জামিন দেন। পরে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। আদালতের শর্ত অনুযায়ী তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে সরকার জানতে পেরেছে।
মন্ত্রী বলেন, বিষয়টি জানার পরপরই ইউএইতে বাংলাদেশ সরকারের নিয়োজিত ল’ ফার্মকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে জামিনের শর্তসংবলিত আদালতের আদেশের সত্যায়িত কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বেনজীর আহমেদের জামিন বাতিলের আবেদন জানিয়ে ইউএইর আদালতে আবেদন করতে বাংলাদেশ সরকারের নিযুক্ত আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে।
বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে কি না, এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের সন্দেহ রয়েছে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত আছে।
আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টকে ঘিরে নাশকতার সক্ষমতা আওয়ামী লীগের নেই বলে সরকারের ধারণা। তিনি দলটিকে নিষিদ্ধ উল্লেখ করে বলেন, বিদেশ থেকে কিছু তৎপরতার চেষ্টা থাকলেও দেশের ভেতরে উল্লেখযোগ্য কোনো কার্যক্রম সরকারের নজরে আসেনি।
তিনি জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য সব ধরনের উগ্রবাদী তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।




































