বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের তৎপরতার মুরোদ নেই
- সর্বশেষ আপডেট ০২:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 101
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে কড়া মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলটি দেশের বাইরে বসে মাঝেমধ্যে ‘উঁকিঝুঁকি’ দিলেও আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো তৎপরতা চালানোর সক্ষমতা তাদের নেই।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।”
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ প্রশাসনকে কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে কি না; এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ উপলক্ষে অতিরিক্ত কোনো নির্দেশনা নেই। পুলিশ স্বাভাবিক দায়িত্ব ও নিয়মিত কার্যক্রমই পরিচালনা করবে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে জামিন পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিরাতের আদালত তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞার শর্তে জামিন দিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ সরকার ওই জামিন বাতিলের জন্য একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ করেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি বোমা সদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।





























