রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী

- সর্বশেষ আপডেট ০৬:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 164
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় একদিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, মাকছুদাকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে মামলাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
পরদিন গাজী নজরুল ও মাকছুদাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ১৯ বছর বয়সী মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয় চলতি বছরের জুনে। বিয়ের পর মরিয়ম স্বামী গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদার সঙ্গে ন্যাম ভবনের ওই বাসায় বসবাস করতেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকে স্বামী ও সতীন বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ বিষয়ে মরিয়ম বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের ফোনে জানাতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মরিয়মের মরদেহ উদ্ধারের সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পুলিশের সহায়তায় দরজা খুলে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মরিয়মের হাতে লেখা কয়েকটি চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহারে চিরকুটের উদ্ধৃতি দিয়ে মরিয়মের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেখানে স্বামীর প্রতি তার বিশ্বাস, হতাশা ও প্রতারিত হওয়ার কথা লেখা ছিল। তবে চিরকুটের বক্তব্য এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।
মামলার বাদী অভিযোগ করেছেন, মরিয়মের মামা ওবায়দুর রহমানের প্ররোচনায় গাজী নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। পরে স্বামী ও প্রথম স্ত্রীর শারীরিক ও মানসিক নির্যাতন এবং আসামিদের প্ররোচনায় মরিয়ম আত্মহত্যা করেন বলে দাবি করেন তিনি।
এদিকে, এর আগে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পরে গাজী নজরুল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। এরপর নৈতিক স্খলনের অভিযোগে ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী।































