বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার বক্কর কারাগারে

- সর্বশেষ আপডেট ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 257
রাজধানীর ভাটারা এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেপ্তার মো. আবু বক্কর সিদ্দিককে (৫৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। আদালতে আসামিকে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন ভাটারা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান।
অন্যদিকে আসামির পক্ষে আইনজীবী জান্নাতুল বর্ণা তাকে নির্দোষ দাবি করে জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার ১০০ ফিট ফ্যামিলি বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে রাত সাড়ে ১০টার দিকে নূরেরচালা সমতা এলাকার ১১২৬ নম্বর বাসার চতুর্থ তলায় অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় আসামির শয়নকক্ষের আলমারি থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৩৮ হাজার ৫০০ টাকা।
উদ্ধার করা মাদকের মধ্যে ছিল ২০ বোতল হান্টার বিয়ার, যার পরিমাণ ৬ হাজার মিলিলিটার ও আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। এ ছাড়া ৯০০ মিলিলিটার ব্ল্যাক ক্লিয়ার বিয়ার, ৩৫০ মিলিলিটার ম্যাকডাওয়েলস মদ এবং ৬০০ মিলিলিটার নিক্কা উইলকিনসন ভদকা জব্দ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আবু বক্কর সিদ্দিক ভাটারা এলাকায় অবস্থান করে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় ভাটারা থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেন।































