এক মাসে ডেঙ্গু নিয়ন্ত্রণের আশা নরসিংদীর ডিসির
- সর্বশেষ আপডেট ০৭:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 30
সবার আন্তরিক সহযোগিতা পেলে নরসিংদীকে দেশের মধ্যে একটি সুন্দর ও রোল মডেল জেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মপরিকল্পনা ২০২৬ নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। নরসিংদী জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে সভাটির আয়োজন করে।
‘সবার আগে দেশ-সকলের চেষ্টায় ডেঙ্গু করব শেষ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে আগামী এক মাসের মধ্যে নরসিংদীতে দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করা হবে। এ জন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের নেওয়া পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানানো জরুরি। জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সাংবাদিকদের লেখনীর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য দেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. ওবায়দুল কবির মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সজীব শাহরীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন ভূঞা, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ. আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও নরসিংদী পৌর প্রশাসক মো. সফিউল্লাহ।





























