নরসিংদীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা
- সর্বশেষ আপডেট ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 240
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয় ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।
সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদীর সংসদ সদস্য খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সংসদস সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা, প্রকৌশলী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, গত ১৭ বছরে বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট হয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের লুটপাট করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, একটি অপশক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। দেশের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
নরসিংদীর সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ জেলার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আত্মিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। নরসিংদীকে তিনি নিজের দ্বিতীয় বাড়ির মতো মনে করেন।
তিনি বলেন, তাঁর নিজ বাড়ি কিশোরগঞ্জ হলেও নরসিংদীর মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের। ভৈরব, নরসিংদীসহ আশপাশের এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, তাঁকে নরসিংদী ও টাঙ্গাইল জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দুই জেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় নরসিংদীর বিভিন্ন এলাকার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা এবং স্থানীয় মানুষের প্রত্যাশা ও সমস্যার বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রয়োজনীয়তা আরও কাছ থেকে জানা সম্ভব হবে।























