গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার

- সর্বশেষ আপডেট ০৭:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 310
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় পুলিশের পরবর্তী পদক্ষেপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আলোচনায় আসেন গাজী নজরুল। গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে স্পিকার ও নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হলেও শুধু দল থেকে বহিষ্কারের কারণে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হওয়ার বিধান সংবিধানের ৭০ অনুচ্ছেদে নেই।
এর মধ্যে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। গাজী নজরুল বর্তমানে এ মামলায় রিমান্ডে রয়েছেন।
এদিকে গাজী নজরুলকে ইতোমধ্যে বিভিন্ন সংসদীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তার সংসদ সদস্য পদ নিয়ে সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি যায়নি বলে গতকাল জানিয়েছিলেন ইসি সচিব আখতার আহমেদ।
সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার অযোগ্যতার বিষয়গুলো উল্লেখ রয়েছে। কোনো সদস্য নির্বাচনের পর অযোগ্য হয়ে গেলে সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী তার আসন শূন্য হয়। আর ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় প্রতীকে নির্বাচিত কোনো সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হয়।
স্পিকার জানিয়েছেন, গাজী নজরুলের বিষয়ে পুলিশের নেওয়া ব্যবস্থা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও আইনগত অবস্থান পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


































