ব্রিকসে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে স্পিকারের ক্ষোভ
- সর্বশেষ আপডেট ১২:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 16
ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ এখনও ব্রিকসের সদস্য নয়, অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগদানের বিষয়ে সরকারের অবস্থান এখনও স্পষ্ট নয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন স্পিকার। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের রিজার্ভেশন তৈরি হয়েছে। তবে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তারা। এ সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।
সংস্কার প্রসঙ্গে স্পিকার বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে আগামী সংসদ অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, এসব সংস্কার বাস্তবায়ন করা গেলে দেশের জনগণ দীর্ঘদিনের বঞ্চনা ও দুঃশাসন থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে।





























