‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’: ইউপি চেয়ারম্যান

- সর্বশেষ আপডেট ০৪:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 105
ফরিদপুরের সালথায় সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে।
সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি মিটিংয়ের ভিডিও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’।
তবে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল ইসলাম। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পাদনা করা হয়েছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
চেয়ারম্যান বলেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যানটি রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন। তবে তিনি তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন। এলাকায় শান্তি বজায় রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন বলেও দাবি করেন।
সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, চেয়ারম্যানের বক্তব্যের বিষয়টি তাঁর জানা নেই। সম্প্রতি তিনি এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।




































