সামরিক ঘাঁটিতে নজরদারি
আইএসআই সন্দেহে ভারতে বাংলাদেশি আটক

- সর্বশেষ আপডেট ১১:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 163
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করার সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে দার্জিলিংয়ের পর্যটনকেন্দ্র এবং উত্তরবঙ্গের সামরিক স্থাপনা সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম হোসেন (৩০)। তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজ দেশে ফেরার সময় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা অভিবাসন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে মেখলিগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট ও দ্য উইকের প্রতিবেদন অনুযায়ী, পর্যটক ভিসায় কয়েক দিন আগে ভারতে প্রবেশ করেছিলেন সেলিম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পর তার ওপর নজরদারি শুরু হয়।
গোয়েন্দাদের সন্দেহ, ভারতে অবস্থানকালে সেলিম দার্জিলিংয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য সংগ্রহ করেছেন। এসব স্থাপনার মধ্যে বাগডোগরা ও হাসিমারা বিমানঘাঁটিও রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেলিমের কাছ থেকে আনিল আসগর কালহোরো নামের এক ব্যক্তির ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিকে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানের আইএসআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
এ ঘটনায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তবে সেলিমের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন।































