চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে
ছাত্রদলকে পেটানোর অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

- সর্বশেষ আপডেট ০৭:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 144
চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২২ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। দুটি অ্যাম্বুলেন্স ভাঙচুর ও ব্যক্তিগত সামগ্রী লুটের অভিযোগও উঠেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবি জানিয়েছে ছাত্রদল ও ভুক্তভোগী শিক্ষার্থীরা।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরের আমিন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, আগের দিন ১৮ নভেম্বর রাতে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী আমিদ ও ছাত্রশিবিরের নেতা শহিদুল ইসলাম সিয়ামের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বিরোধ হয়। পরে কলেজ প্রশাসন ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর মধ্যস্থতায় বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ওই বিরোধের জেরে পরদিন জামায়াতের স্থানীয় কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমানের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আমিন কলোনিতে জড়ো হন। পরে ইনস্টিটিউটের সামনে পরীক্ষা শেষে বের হওয়া ফয়সাল আহমেদ খানসহ কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, হামলার শিকার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আশ্রয় নিলে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেন। এ সময় মাঠে অবস্থানরত শিক্ষার্থীদের ওপরও হামলা হয়। এতে কয়েকজনের মাথা ফেটে যায় এবং অনেকে আহত হন।
আহতদের সহায়তায় শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের ওপরও হামলার অভিযোগ উঠেছে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নলিনী কুমার ঘোষ বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, ঘটনার সমাধানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা চলার সময় স্থানীয় কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান তাকে ফোন করে শিবির নেতা শহিদুল ইসলাম সিয়ামকে আটকে রাখার কারণ জানতে চান। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে বায়েজিদ বোস্তামী থানায় বিষয়টি জানানো হয়। তবে পুলিশ আসার আগেই ক্যাম্পাসে হামলা শুরু হয় বলে জানান তিনি।
অধ্যক্ষ আরও বলেন, আহতদের হাসপাতালে নেওয়ার জন্য দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হলে সেগুলোতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে থাকা আহত শিক্ষার্থী ও অন্যদের মারধর করা হয়। এ সময় মোবাইল ফোন, মানিব্যাগ ও হাতঘড়িসহ ব্যক্তিগত সামগ্রী লুট করা হয়। মসজিদের ভেতরেও হামলার ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় শিবির নেতা শহিদুল ইসলাম সিয়ামসহ দুজনকে আটক করে বায়েজিদ বোস্তামী থানায় সোপর্দ করা হয়। তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে থানার ডিউটি অফিসার এসআই রিয়াদ বলেন, ঘটনাটি সম্পর্কে তার জানা নেই। বিস্তারিত জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। তবে ওসির বক্তব্য পাওয়া যায়নি।
ছাত্রদলের ছয় দফা দাবি
ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্রদল ও ভুক্তভোগী শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো; নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, আনিসুর রহমানসহ অভিযোগ ওঠা ব্যক্তিদের ভূমিকা তদন্ত করা, হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার, আহতদের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ এবং ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স ও লুট হওয়া সম্পদের ক্ষতিপূরণ ও উদ্ধারের ব্যবস্থা করা।
ছাত্রদলের নেতাকর্মী ও ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করা এবং জরুরি চিকিৎসাসেবায় বাধা দেওয়ার ঘটনা গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে থানার ডিউটি অফিসার এসআই রিয়াদ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বিস্তারিত জানতে ওসি জসিম উদ্দিনকে কয়েকবার ফোন করা হয়, এবং ক্ষুদেবার্তা দিলেও তিনি সাড়া দেনি। তবে জামায়াত-শিবিরের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
































