কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

- সর্বশেষ আপডেট ০৭:৪১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 83
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০) এবং রুবেলের পরিবারের তিন বছর বয়সী শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।
আহতদের মধ্যে রয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরেক শিশু। তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তাঁরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা হতাহত হন।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদীন বলেন, বিকেল ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি বিধ্বস্ত হয়।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
































