খুলনায় পৃথক ট্রেনের ধাক্কায় তরুণ-বৃদ্ধ নিহত
- সর্বশেষ আপডেট ০৯:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 12
খুলনা মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় পৃথক দুটি ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে খানজাহান আলী থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ৬টার দিকে ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সিয়াম। তাঁর বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন খালিশপুরের আলমনগর এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন। পরে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে তিনি ফুলবাড়ি মেইন গেট এলাকায় পৌঁছান। সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁর একটি পা ও মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
রেলওয়ে থানার এসআই এসএম রায়হান জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। দুইজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




























