পরকীয়ার বিরোধে আইনজীবীর সহকারী খুন, স্ত্রী গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৪:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 20
বরিশালে জেলার একজন আইনজীবীর সহকারী (মুহুরি) সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী নাসিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা-পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আইচ বিষয়টি নিশ্চিত করে জানান, নাসিমা বেগম মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি।
এর আগে ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের বঘিয়া ইছাকাঠি কলোনির একটি ভবনের তৃতীয় তলার বাইরে থেকে তালাবদ্ধ একটি ফ্ল্যাটে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর নিহতের ভাই মো. কামরুজ্জামান ছায়েম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা করেন। এরপর থেকেই নাসিমা বেগম আত্মগোপনে ছিলেন।
এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নাসিমা বেগম পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। তাঁর দাবি, নুরুজ্জামানের অন্য নারীদের সঙ্গে সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি রাতে নুরুজ্জামানের মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে পালিয়ে যান।
ওসি জানান, আসামি হত্যার দায় স্বীকার করায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হচ্ছে না।




























