শতভাগ জিপিএ-৫-এ দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা

- সর্বশেষ আপডেট ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 243
এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটির ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা ও তার স্ত্রী মিসেস নাছিমা মোল্লা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগেও ২০২২, ২০১৭, ২০১৫ ও ২০২৫ সালে শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা ফলাফল করেছিল প্রতিষ্ঠানটি। গত বছর ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল।
ফলাফলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন, ২০২২ সালে ২৬৬ জনের সবাই, ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন, ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন, ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন এবং ২০১৭ সালে ১৬৪ জনের সবাই জিপিএ-৫ পেয়েছিল।
এবারের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারিয়া মুনিরা বলেন, দেশের নানা প্রতিকূলতার কারণে পড়াশোনায় অনেক বাধা তৈরি হয়েছিল। শিক্ষকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সেই ঘাটতি পূরণ করতে পেরেছেন। দেশসেরা ফলাফলে তাদের দীর্ঘদিনের কষ্ট সার্থক হয়েছে।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তাজরিয়ান হাসান মুন বলেন, বিদ্যালয়ের চেয়ারম্যানের নির্দেশনা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাস, গাইড শিক্ষকের হোম ভিজিট, টিউটোরিয়াল এবং মাসিক পরীক্ষার মাধ্যমে তাদের পড়াশোনা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে। এসব কারণেই ভালো ফলাফল সম্ভব হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফল করে আসছে। এবারও শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জনের মাধ্যমে দেশসেরা ফলাফলের ধারাবাহিকতা বজায় রয়েছে। সারাদেশের ফলাফল বিশ্লেষণের পরও প্রতিষ্ঠানটি দেশসেরা অবস্থানে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, নরসিংদীর মতো মফস্বল শহরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি ও তার স্ত্রী নাছিমা বেগম প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদে পরিণত করাই তাদের উদ্দেশ্য। যাতে সমাজে শুধু সনদধারী শিক্ষিত বেকার তৈরি না হয়।
আবদুল কাদির মোল্লা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—এই চার পক্ষের মধ্যে সমন্বয় জরুরি। তাদের প্রতিষ্ঠানে এই সমন্বয় ধরে রাখার কারণেই ধারাবাহিক ভালো ফলাফল সম্ভব হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই ভালো ফলাফলের মূল চাবিকাঠি। চেয়ারম্যানের সময়োপযোগী ও উদ্ভাবনী দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফল করছে।
তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য নিয়মিত কঠোর পরিশ্রম করেন। শুধু একাডেমিক ফলাফল নয়, সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি দেশসেরা সাফল্য অর্জন করে আসছে।
উল্লেখ্য, নরসিংদীতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০০৮ সালে শহরের ভেলানগর এলাকায় আবদুল কাদির মোল্লা ও তার স্ত্রী নাসিমা বেগমের নামে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ১৭৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।
































