সমকামিতার অভিযোগে আবারও আলোচনায় ঢাবি
- সর্বশেষ আপডেট ০১:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 125
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)র সূর্যসেন হলে গত বৃহস্পতিবার সমকামিতার অভিযোগে দুইজন আটক হওয়ার পর এবংর ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের রুমেও একই ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
তার কক্ষের একটি একটি ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দুই বহিরাগত অতিথিকে আপত্তিকর পরিস্থিতিতে দেখা যাওয়ার দাবি উঠেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে হল প্রশাসন ইব্রাহীম খলিলের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করেছে এবং তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ক্যাম্পাসজুড়ে আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দুই যুবককে তাদের কর্মকাণ্ডের বিষয়ে বক্তব্য দিতে এবং ভিডিওটি প্রকাশ না করার অনুরোধ জানাতে দেখা যায়।
ইব্রাহীম খলিলের রুমমেট ও হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, গত ২৭ জুলাই ওই দুই অতিথি এজিএসের কক্ষে অবস্থান করছিলেন। পরে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। তিনি জানান, ঘটনার ভিডিও ধারণ করা হলেও সংশ্লিষ্টদের পরিচয় ও স্পর্শকাতর বিষয় বিবেচনায় পুরো ভিডিও প্রকাশ করা হয়নি।
অন্যদিকে সমালোচনার মুখে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ইব্রাহীম খলিল দাবি করেন, ঘটনাটি তার কক্ষে ঘটলেও তিনি সে সময় সেখানে উপস্থিত ছিলেন না এবং বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। চিকিৎসার প্রয়োজনে ঢাকায় আসা পরিচিত দুই ব্যক্তিকে মানবিক কারণে কক্ষে থাকার অনুমতি দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ঘটনার নিন্দা জানিয়ে তদন্তে সহযোগিতা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান জানান।
ঘটনার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ইব্রাহীম খলিল একটি অডিও কল রেকর্ডও সামনে আনেন। সেখানে এক অতিথিকে বলতে শোনা যায়, তারা ‘শয়তানের ধোঁকায়’ এমন কাজে জড়িয়ে পড়েছিলেন, তবে কেউ দেখে ফেলায় তা আর সম্পন্ন হয়নি। অডিওতে ইব্রাহীম খলিলকে বিষয়টি নিয়ে ওই ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করতেও শোনা যায়।
শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতি বিবেচনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) তৌকির হাসান বলেন, এজিএসের কাছে ইতোমধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার বক্তব্য এবং রুমমেটের বক্তব্য পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহীদুল্লাহ হলের পুকুরপাড়ে জড়ো হয়ে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে শহীদুল্লাহ হলের এজিএস নির্বাচিত হন ইব্রাহীম খলিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান তাকে সংগঠনের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে এক শিক্ষার্থী ও এক বহিরাগতকে আটক করেছে হল প্রশাসন। হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।




























