সমকামিতার অভিযোগে ঢাবির সূর্যসেন হল থেকে আটক ২

- সর্বশেষ আপডেট ০৬:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 251
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে এক শিক্ষার্থী ও এক বহিরাগতকে আটক করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
হল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচিত এক বহিরাগতকে হলে আসতে বলেন। নির্ধারিত কক্ষের পরিবর্তে ওই ব্যক্তি ভুলবশত অন্য একটি কক্ষের সামনে গেলে সেখানে থাকা শিক্ষার্থীদের সন্দেহ হয়।
শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার মোবাইল ফোনে কথোপকথন ও একটি অনলাইন অ্যাপ দেখে বিষয়টি সন্দেহজনক মনে হলে হল প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তিকে প্রাধ্যক্ষের কক্ষে নিয়ে যান।
মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান বলেন, বহিরাগত ব্যক্তির জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একটি অনলাইন অ্যাপ এবং পারস্পরিক যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, ঘটনার পর হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। প্রশাসনের দাবি অনুযায়ী, অভিযুক্ত শিক্ষার্থী একটি লিখিত মুচলেকা দিয়েছেন। পরে তার আবাসিক আসন (সিট) বাতিল করা হয়েছে এবং প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় আইন অনুযায়ী মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।































