শিশু রামিসা হত্যার বিচার দাবিতে কালশীতে সড়ক অবরোধ
- সর্বশেষ আপডেট ০৯:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 37
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে কালশী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
৭ বছর বয়সী রামিসা হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সন্ধ্যার পর কালশী রোডের ফুলকলি ও আধুনিক মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নারী-পুরুষ ও তরুণরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। কেউ কেউ বিচারহীনতার সংস্কৃতিকে এমন ঘটনার পুনরাবৃত্তির জন্য দায়ী করেন। তাদের ভাষ্য, শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ও দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।
মানববন্ধন ও সড়ক অবরোধ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে অল্প সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

































