ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
- সর্বশেষ আপডেট ১০:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 74
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠ পর্যায়ে মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ পরিপত্রের মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, আজ থেকেই ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেশজুড়ে তাঁদের দায়িত্ব পালন শুরু করেছেন। একইদিনে সারাদেশে আনসার বাহিনীর সদস্যদেরও মাঠ পর্যায়ে মোতায়েন করা হচ্ছে। নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি সকালে দায়িত্ব গ্রহণ করবেন ১ লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য।
এবারের নির্বাচনী নিরাপত্তায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড এবং আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপকূলীয় এলাকায় বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবে কোস্টগার্ড।
এবারের নির্বাচনে বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য প্রত্যক্ষভাবে মোতায়েন থাকবেন। এর মধ্যে সবচেয়ে বড় অংশ থাকছে আনসার ও ভিডিপির, যাদের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজার। এছাড়া সশস্ত্র বাহিনীর ১ লাখ, পুলিশের প্রায় দেড় লাখ এবং বিজিবির ৩৫ হাজার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

































