পদত্যাগ না করার ঘোষণা মমতার
- সর্বশেষ আপডেট ০৬:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 16
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না।
তাঁর অভিযোগ, ভোটের ফল জনগণের স্বাভাবিক রায় নয়, বরং এর পেছনে প্রশাসনিক পক্ষপাত ও ক্ষমতার অপব্যবহার কাজ করেছে।
মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পদত্যাগের প্রশ্নই আসে না। তাঁর দাবি, “আমরা তো হেরেছি বলেও মনে করি না। ভোট প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে, জোর করে ফল নির্ধারণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াইয়ের সময় মাঠ ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা।
নির্বাচনে পরাজয়ের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চললেও, মমতা স্পষ্ট করেছেন—এ মুহূর্তে তিনি দায়িত্ব ছাড়ছেন না এবং পরিস্থিতির মোকাবিলা চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য।


































